মরা নদীর ধার ঘেঁষে
সারি সারি বস্তি
আছে পড়ে ভর দুপুরে
বৃদ্ধ ও কিছু শিশু
উদম নয়, তবে ঐরকমই
মায়েরা সব গেছে কাজে–
বাবুদের বাড়িতে, দোকানে,
বা রেশনের লাইনে
বা ভাতার সারিতে
চালে কাকেদের লড়াই
মরা পশুর নাড়িভুঁড়ি মুখে
গলিতে গলিতে কুকুরের লড়াই
জায়গা দখলের,
পাগলিটা আজ চুল ছিঁড়ছে
কি খুশিতে কে জানে!
পাগলটা অনর্গল ছড়িয়েছে কথা
হারু মুদির দোকানের ভিড়ে
