আমি বস্তিবাসী

তোমার কাছে আছে শক্তিশালী বুলডোজার,
শীর্ণ দুর্বল দেহ আমার,খুব সহজেই করলে আঘাত,
উৎখাত করলে ঝুপড়ি বলে,
অথচ ওটা ছিলো আমার প্রাসাদ,
ঝড়ে কতবার উড়িয়ে নিয়েছে চালা,
কতবার বৃষ্টির ভারী জলে ভেসেছে ঘর,
তারপরও সেটাই ছিল আমার রাজপ্রাসাদ।

আমরা নাকি বড্ড দৃশ্য দূষণ,
আমরা নাকি উন্নয়নের অন্ধকার,
আমরা নাকি অস্বাস্থ্যকর,
তাই আমাদের উচ্ছেদ দরকার।
আসলে আমরা-ওরা’র মাঝে প’ড়ে
ভদ্র সমাজ বলে,’আমরা নাকি মানুষ নই’
আমরা যে সত্যিই বস্তির!
আমাদের জন্য আবার ভাবা!

এখুনি চালাও হলুদ ভারী গাড়িটি।
ভেঙে দাও, গুড়িয়ে দাও।
ওদের আবার স্বপ্ন কিসের?
ওদের আবার কান্না কিসের?
ওদের আবার মন খারাপ কিসের?
ওরা তো বস্তির!
ওরা যে বস্তি মানুষ।
তাই ওদের উচ্ছেদই দরকার!

You may also like