আমাদের কুঁড়ে ঘরে
অপূর্ব এক মিষ্টি মধুর শান্তি বিরাজ করে,
বাবুই পাখি, শালিক পাখি
চড়ুইরা দলে দলে,
সারাটা দিনই দেখছি তাদের
খেলছে মোদের চালে,
আবার তারা কখনো গান ধরে সুমধুর স্বরে,
আমাদের কুঁড়ে ঘরে,
লাউ কুমড়োর লতানো শাখা
রয়েছে মাচার তলে,
বাতাসেতে যেন মেলে দিয়ে পাখা
দুলছে নাচের ছলে,
কখনো তারা একে অপরকে জড়িয়ে বুকেও ধরে,
আমাদের কুঁড়ে ঘরে,
কখনো দেখেছি ছোট এ দুয়ারে
চরে এক লাল মুরগি,
আমি মনে করি ফিরে এলো বুঝি
অতীত কালের বরগি
আঙিনায় যেই ফেলে দিবো ধান খাবে টুপ টুপ করে,
আমাদের কুঁড়ে ঘরে,
কখনো দেখি দোয়েল শ্যামা
চালের উপরে উঠি,
তার যেন নেই সুখের সীমা
খাই বসে শিম শুটি,
খাওয়া হলে পালিয়ে যাবে ফিরবে দুপুর পরে,
আমাদের কুঁড়ে ঘরে,
গোলাপ ফুলে টগর ফুলে
উঠান ভরেছে রঙে,
কভু মনে হয় সব কিছু ভুলে
খেলবো তাদের সঙ্গে,
রঙের মেলায় আমি একলায় থাকি যুগ যুগ ধরে,
আমাদের কুঁড়ে ঘরে,
লতানো ঘাসের মাথায় মাথায়
শীতল শিশির ফোঁটায়,
কত যে স্বপ্ন রয়েছে হেথায়
হৃদয়ের মণিকোঠায়,
ব্যথা যত পায় থাকবো হেথায় সারাটা জীবন ধরে,
আমাদের কুঁড়ে ঘরে।
