আমিও শ্রমজীবী

দিচ্ছে সেবা দিবা-রাতি,
ঘুরছে পাখা, জ্বলছে বাতি
ওদের পরিশ্রমে;
সভ্যতার ওই বেদিমূলে,
গড়ছে ওরা তিলে তিলে,
যায় না কভু থেমে।

​ঊষর মরু হলো কোমল,
ধরণী যে আজ সুশ্যামল
ওদেরই হাত ধরে;
ফলায় ওরা সোনার ফসল,
হাতুড়ি আর চালায় শাবল—
ওদেরই ঘাম ঝরে।

​গাইতি চালায়, ভাঙছে পাহাড়,
যোগায় ওরা পেটের আহার—
ওরাই শ্রমজীবী;
মাথার ঘাম যে পায়ে ফেলে,
দিবা-রাতি সদাই চলে,
ওদের কথা ভাবি।

​রাজপথ সে সব ওদের গড়া,
চলছে তাতে গাড়ি-ঘোড়া,
সেতু ওদের হাতে;
নদীর বাঁকে ধরছে যে মাছ,
বন্ধ করলে ওরা যে কাজ—
মরবে সবাই ভাতে।

​ওরাও মানুষ তোমার মতো,
অট্টালিকায় আছো যত
ওদের কথা ভাবি;
ধমক দেওয়া ওদের বারণ,
ওদের কথা বলছি কারণ—
আমিও শ্রমজীবী।

You may also like